তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনি পরিবেশের সব দায়িত্ব নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, আমরা তাদের (রাজনৈতিক দল) স্পষ্ট করে বলে দিয়েছি, লেভেল প্লেয়িং ফিল্ড (ভোটের মাঠ) তফসিল ঘোষণার পরে আমাদের কব্জায় (নিয়ন্ত্রণে) থাকবে। এখন পার্টি পার্টি যদি মারামারি করে, সেক্ষেত্রে আমাদের দায় নেই।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার জানা মতে তেমন কোনো চ্যালেঞ্জ নাই। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের যেসব চ্যালেঞ্জ নজরে আসে, আগে আমাদের জানান।

তবে আইনশৃঙ্খলাকে প্রধান চ্যালেঞ্জ চিহ্নিত করে তিনি বলেন, দেশের স্থিতিশীলতা, নাগরিকদের নিরাপত্তা ও উন্নয়নের জন্য আইনশৃঙ্খলা এমন এক জিনিস—যেটা ছাড়া একদিনও চলে না। নিরাপত্তা থাকবে বলে আমরা মনে করছি।