কোনো জনপ্রতিনিধি অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে সাফ জানিয়েছেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। তিনি বলেন, ‘অপরাধ করলে জনপ্রতিনিধিকে অপরাধী হিসেবেই দেখা হবে । কাউকে ছাড় দেয়া হবে না। রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভায় যশোরের চলমান পুলিশের অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশের ভূমিকা নিয়ে জানতে চাইলে পুলিশ সুপার এসব কথা বলেন।
প্রলয় কুমার জোয়ারদার বলেন, আমাদের ইন্টেলিজেন্সের ভিত্তিতেই আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। সেই অভিযান চলমান আছে। যশোরের যারা চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদকাসক্ত, মাদকের গডফাদার ও আশ্রয়-প্রশ্রয়দাতা তাদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। কোনো জনপ্রতিনিধি কিংবা শ্রেণি পেশার মানুষের বিরুদ্ধে এ অভিযান নয়।
সাংবাদিকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, আপনাদের কাছে কোনো চিহ্নিত সন্ত্রাসী ও সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকে আমাদের দিবেন। আমরা যথাযথ ব্যবস্থা নিবো। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা আইনানুগভাবে, সততা ও সাহসিকতার সাথে পালন করবো। অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করবো, তার অন্য যে পরিচয় থাকুক বিবেচ্য নয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
সংবাদিকদের প্রশ্নের জবাবে প্রলয় কুমার জোয়ারদার বলেন, আমাদের অভিযান কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে নয়। আমরা শান্তি ও স্বস্তির যশোর নিশ্চিত করতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। অভিযানে যশোর শহরের পাশাপাশি অন্য উপজেলায়ও চলমান রয়েছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচআর তুহিন, সাংবাদিক সাজেদ রহমান, শিকদার খালিদ, আবদুল কাদের, মনিরুল ইসলাম, ইন্দ্রজিৎ রায় প্রমুখ।
চলতি মাসে যশোর জেলা পুলিশ সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এই অভিযানে পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলন, মেহবুব রহমান ম্যানসেলসহ অন্তত ২৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদক ও অস্ত্র। এসব ঘটনায় ১০৩টি মামলা হয়েছে। পুলিশের এই অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রতিনিধিদের একাংশ। ওই জনপ্রতিনিধিরা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের অপসারণ দাবি করেন। তারাই সবাই যশোর সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদের অনুসারী হিসেবে পরিচিত।










