রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় একটি গর্ভবতী বুনো হাতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইথাকপাড়ার যুগেজ পাহাড় এলাকায় হাতির মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি বন বিভাগকে জানান।

বন বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, খবর পেয়ে রাজবিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ফিরোজ আল আমিনসহ বনকর্মীরা ঘটনাস্থলে যান। এরপর রাজস্থলী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা চিরন জীব চাকমা হাতিটির নমুনা সংগ্রহ করেন। মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্তসহ অন্যান্য পরীক্ষার ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্থানীয়দের মতে, ওই এলাকায় ৯টি হাতির পাল ঘুরে বেড়াচ্ছিল। মৃত হাতিটি সে পালেরই অংশ ছিল।

বন বিভাগের প্রতিবেদনে আরো বলা হয়েছে, হাতিটির আশপাশে অন্যান্য হাতির চলাচলের চিহ্ন পাওয়া গেছে।

মৃত হাতির বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। দৈর্ঘ্য ৯ ফুট ৪ ইঞ্চি, মাথা থেকে শরীর ৭ ফুট, সামনের পা ৪ ফুট লম্বা ও ৩৬ ইঞ্চি বেড়, পেছনের পা ৩ ফুট ৪ ইঞ্চি লম্বা ও ২৬ ইঞ্চি বেড়, লেজ ৪২ ইঞ্চি লম্বা ও ৭ ইঞ্চি বেড় ও পেটের মাপ ১৪ ফুট।

রাজস্থলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিরন জীব চাকমা জানান, হাতিটি বাচ্চা প্রসবের সময় জটিলতার কারণে মারা গেছে। ধারণা করা হচ্ছে, দুই-একদিন আগেই হাতিটির মৃত্যু হয়েছে। কারণ এর পেট ফুলে রয়েছে।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, বন বিভাগের কর্মকর্তাদের মতে, হাতিটি প্রসবকালে মারা গেছে। তবে স্থানীয়রা মঙ্গলবার সকালে মরদেহটি দেখতে পেয়ে বন বিভাগকে জানায়।

এ ঘটনায় বন বিভাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন রাজবিলা রেঞ্জ কর্মকর্তা মো. ফিরোজ আল আমিন।