প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া। এরই মধ্যে ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট সামনে রেখে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। তার প্রত্যাশা, ম্যাকাইয়ে বাউন্সের পাশাপাশি গতি থাকবে উইকেটে, যা পেসারদের জন্য সহায়ক হবে।
তিনি বলেন, ‘এখানে অনেক সুন্দর উইকেট হয়। যদিও সাদা বলের ক্রিকেট ও লাল বলের ক্রিকেট ভিন্ন। আমরা খুব ভালো উইকেট আশা করছি। বাউন্স থাকবে এবং ফাস্ট হবে।’ এ ছাড়া ম্যাকাইয়ে ফিরতে পেরে খুশি এ অলরাউন্ডার, ‘যেখানে আপনার ভালো স্মৃতি আছে, সেখানে ফিরে আসা সবসময় দারুণ। সর্বশেষ যখন এসেছিলাম ভালো সময় কেটেছিল। এখানেও বিশ্বমানের সুযোগ-সুবিধা আছে। ভালো কিছু ম্যাচ হয়েছে এখানে। ফিরতে পেরে স্মৃতিগুলো মনে পড়ছে।
বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরে অজি অলরাউন্ডার বলেন, ‘না, বাংলাদেশের পারফরম্যান্সে অবাক হওয়ার কিছু নেই। আমরা জানতাম তারা ভালো দল। তারা দুর্দান্ত খেলেছে। প্রথম দিনের পর আমাদের আর ম্যাচে ফিরতে দেয়নি।’
ডারউইনে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন গ্রিন। তবে তার ব্যাটে বড় রান এলেও দলের পরাজয় ঠেকানো যায়নি। নিজের ইনিংস নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘টেস্টে আপনি ১০ ওভারে সেঞ্চুরি করতে পারবেন না। আপনাকে উইকেটে সময় কাটাতে হবে। তখনও আমরা ম্যাচে ভালো অবস্থানে ছিলাম। আর অলরাউন্ডার হিসেবে আপনি বোলিংয়েও ভূমিকা রাখতে চাইবেন।’
দলের হার তাই ব্যক্তিগত সাফল্যের আনন্দও অনেকটাই ম্লান করে দিয়েছে গ্রিনের। তিনি বলেন, ‘সেঞ্চুরির পরও দল হারল, কঠিন তো অবশ্যই। আপনি সবসময় দলের সাফল্যের জন্যই খেলেন। যখন আপনি ভালো করেন কিন্তু দল ভালো করতে পারে না, খারাপ তো লাগেই। আরও কিছু রান করতে পারলে আমরা ম্যাচে থাকতাম।’
ব্যাট হাতে ধারাবাহিক থাকার পেছনে আলাদা কোনো জটিল পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন এ অলরাউন্ডার। নিজের স্বাভাবিক প্রক্রিয়াতেই আস্থা রাখেন তিনি, ‘আমি ব্যাটিংয়ের সময় সব কিছু খুব স্বাভাবিক রাখি। যেভাবে আমি অভ্যস্ত, তাই করি। অতীতে যেভাবে ব্যাট করে কাজ হয়েছে, সেভাবে খেলার বার্তাই আছে আমার কাছে। গেমপ্ল্যান সিম্পল থাকে। তিন ফরম্যাট খেলা মানে লাল বলেও খেলছেন, বিশ্বকাপ আইপিএল সবই খেলছেন, এর ফাঁকে ওয়ানডে। সব সামলাতে পেরে ভালোই লাগছে।’










