জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে জানালেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ শনিবার (২৯ এপ্রিল) দুপুরে সিলেট পুলিশ লাইনসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ হুঁশিয়ারি দেন তিনি।

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সিটি করপোরেশনসহ সকল নির্বাচনের দায়িত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্ষম। নির্বাচন কমিশনের অর্পিত যেকোনো দায়িত্ব যথাযথভাবে পালনে প্রস্তুত আছে পুলিশ।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাস নিরূপণে সক্ষম হয়েছে।

‘গুজব নিরসনে পুলিশ কাজ করছে’ উল্লেখ করে বলেন, যেকোনো পরিস্থিতিতে কেউ গুজব রটানোর অপচেষ্টা করলে প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।