দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। গতকাল পটুয়াখালী, কিশোরগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী ও বগুড়ায় প্রাণহানির এসব ঘটনা ঘটে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে অন্তত ২৫ যাত্রীসহ আহত হয়েছেন ২৭ জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

পটুয়াখালী: বাউফলে বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় মো. নিজাম উদ্দিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তরিকুল ইসলাম (২১) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। উপজেলার কাছিপাড়া-বাহেরচর সড়কে কাছিপাড়া বাড়ির সামনে গতকাল বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন কাছিপাড়া গ্রামের নাজেম রাড়ির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজাম ও তার বন্ধু তরিকুল মোটরসাইকেলে কাছিপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছালে দুইদিক থেকে আসা দুটি ট্রলি সড়ক ক্রসিং করার সময় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নিজামকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি কামাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

কিশোরগঞ্জ: কটিয়াদীতে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে প্রান্ত চন্দ্র বর্মণ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। কটিয়াদী-মঠখোলা রোডের বেতাল বাজারের কাছাকাছি মক্কা ফিলিং স্টেশনের সামনে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রান্ত চন্দ্র বর্মণ নারায়ণগঞ্জ সদরের আনন্দ বাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত পিকআপের চালকের সহকারী ছিলেন।

গাজীপুর: টঙ্গীতে সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় অরুণ কুমার মল্লিক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অরুণ কুমার টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া এলাকার যোগেন্দ্র কুমার মল্লিকের ছেলে।

টঙ্গী পশ্চিম থানার এসআই ফরিদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন।

রাজবাড়ী: গোয়ালন্দে মাইক্রোবাস চাপায় শাবানা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি গোয়ালন্দ উপজেলার কিয়াম উদ্দিন মোল্যা পাড়ার গহের প্রামাণিকের স্ত্রী। এ ঘটনায় ফাতেমা আক্তার পিংকি (১০) নামে এক শিশু আহত হয়েছে। গতকাল দুপুরে গোয়ালন্দ ক্যানাল ঘাটের দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া: মোটরসাইকেলের ধাক্কায় ডলি খাতুন (৬০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে শাজাহানপুর উপজেলার জামালপুর নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ডলি খাতুন ওই এলাকার আলিমুদ্দীনের স্ত্রী। শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া: কসবায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখ পীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা এস আর পরিবহনের একটি বাস চট্টগ্রামে যাচ্ছিল। পথে তিনলাখ পীর এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।