নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসুন্ধরা পেপার মিলে বিস্ফোরণে পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন অন্তত ১০ জন। পরে তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকায় কারখানাটির এয়ার ফ্রেশনার তৈরির ইউনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা সবাই ওই কারখানার শ্রমিক বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

কারখানার শ্রমিকরা জানান, বসুন্ধরা পেপার মিলের ইউনিট-১ এ এয়ার ফ্রেশনার, ডিটারজেন্ট, এরোসল, হারপিক ও মশার কয়েল তৈরি করা হয়। সকাল ১০টার দিকে কারখানাটির এয়ার ফ্রেশনার তৈরির ইউনিটে বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গিয়ে মিস ম্যাচ হয়ে পাইপলাইনে বিস্ফোরণ হয়। এ বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ হন ১০ জন শ্রমিক। পরবর্তীতে তাদের হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের শরীরের অন্তত ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে৷ তাদেরকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করছে। কারখানায় বিপুল পরিমাণে কেমিক্যাল রয়েছে। তবে আগুন বেশি দূর ছড়াতে পারেনি। কারখানার শ্রমিকরাই আগুন নিয়ন্ত্রণ করেন।