ঢাকায় পাঠানো করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট টাঙ্গাইলে নিয়মিত আসছে না। এ পর্যন্ত গত ৭ দিনের মোট ৭৩২টি নমুনার রির্পোট পেন্ডিং রয়েছে। সর্বশেষ ৯ জুনের রিপোর্ট এসেছে। ফলে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।  তবে নমুনা পরীক্ষার রিপোর্ট প্রতিদিনই আসছে বলে দাবি করছে কর্তৃপক্ষ।

কিন্তু উপসর্গযুক্ত মানুষেরা তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট জানতে না পেরে আতঙ্কিত হয়ে পড়ছেন। সংক্রমণ বিস্তারের শঙ্কায় আছেন সাধারণ মানুষও। কারণ উপসর্গ নিয়ে অনেকেই স্বাভাবিক চলাফেরা করছেন।

এদিকে জেলার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাব চালুর ঘোষণা দেয়া হলেও এখনও সেটি চালু হয়নি।

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য ল্যাব চালু হতে আরো কয়েক দিন সময় লাগবে বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে সিভিল সার্জন ডা. ওয়াহেদুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩৪ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আজ নমুনা পরীক্ষার কোনো রির্পোট আসেনি। জেলায় সর্বমোট ৭৩২ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে। সর্বশেষ রিপোর্ট এসেছে ৯ জুন পাঠানো নমুনার। এরপর থেকে সংগৃহীত ও পাঠানো নমুনার রিপোর্ট এখনো হাতে আসেনি। ঢাকায় অতিরিক্ত চাপের কারণে নমুনার রিপোর্ট নিয়মিত আসছে না বলে স্বীকার করেন সিভিল সার্জন।

তিনি আরো বলেন জেলায় সর্বমোট ৩২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১১৮ জন সুস্থ হয়েছেন। মোট ৬ জন মারা গেছেন। ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও নিজবাড়ীতে চিকিৎসাধীন আছেন ২০৫ জন।

এদিকে টাঙ্গাইলের ঝুঁকিপূর্ণ মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ড রেড জোন ও ১০ দিনের লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। আজ সকাল থেকে লকডাউন কার্যকর করতে প্রশাসন তৎপর। জেলার ৮ টি উপজেলাকে ইয়েলো এবং ৮টি উপজেলাকে গ্রিন জোনে ভাগ করা হয়েছে।