বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে এয়ারকন্ডিশনের জেনারেটরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আতঙ্কে বিভিন্ন ওয়ার্ডের রোগীরা হাসপাতালের সামনের মাঠে দৌড়ে এসে অবস্থান নেন। অন্যদিকে স্ক্যানু বিভাগে চিকিৎসাধীন নবজাতকদের নিয়েও হাসপাতালের সামনে চলে আসেন আতঙ্কিত নার্সরা। গতকাল বিকাল ৪টার দিকে হাসপাতালের নিচতলার এফ ব্লকে এ ঘটনা ঘটে।

হাসপাতালের দ্বিতীয় তলায় স্ক্যানু বিভাগে দায়িত্বরত নার্স শিবানী হালদার বলেন, হঠাৎ করে আগুন আগুন চিত্কার শুনতে পাই আমরা। বাইরে বের হয়ে জানতে পারি, আগুন লেগেছে হাসপাতালের তৃতীয় তলায়। দ্রুত নবজাতকদের নিয়ে দৌড়ে হাসপাতালের বাইরে চলে এসেছি।

চতুর্থ তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রুবাইয়া ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত থেকে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার দুপুরের পর সবাই আগুন আগুন বলে চিত্কার শুরু করলে আমার স্বামী আমাকে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনেন।

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, রোগীরা আতঙ্কিত হয়ে হাসপাতাল থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। আধাঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।