নগরবাসীকে সুন্দর, ক্লিন, গ্রিন এবং হেলদি সিটি উপহার দিতে চাই। তবে এটা একার পক্ষে সম্ভব নয়। এ যুদ্ধে শিক্ষার্থীরা আমার সঙ্গে থাকবে। শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই পরিচ্ছন্ন নগরী গড়তে চাই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) নগরীর কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় চসিক শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চসিক মেয়র বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা ট্রাফিক বিভাগের কাজ করেছে। শিক্ষার্থীরা স্বৈরাচারী সরকার পতনের জন্য রাস্তায় যুদ্ধ করেছে। এ চট্টগ্রাম শহরকে সুন্দর করার জন্য প্রয়োজনে শিক্ষার্থীদের আরেকবার প্রস্তুত হতে হবে। শিক্ষার্থীদের নিয়ে আমি একটি ক্লিন, গ্রিন এবং হেলদি সিটি নগরবাসীকে উপহার দেব।

তিনি বলেন, জ্ঞান অন্বেষণ করো; জ্ঞানের জন্য কোনো বয়স নেই। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের শিখতে হবে। তবে এর মধ্যে যে জিনিসটি দরকার সেটি হচ্ছে নৈতিক শিক্ষা। শিক্ষার্থীদের আলোকিত শিক্ষায় শিক্ষিত হতে হবে, নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলেই আমরা একদিন দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারব।

নগরীকে পরিচ্ছন্ন রাখতে দোকানগুলোতে বিন রাখা বাধ্যতামূলক করা হবে জানিয়ে মেয়র বলেন, অনতিবিলম্বে নগরীর যতটি দোকান-প্রতিষ্ঠান আছে; তারা ময়লার বিন বাধ্যতামূলকভাবে রাখছে কিনা তা দেখা হবে। এরই মধ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে বিন সংগ্রহ করা হচ্ছে। তারা যাতে যেখানে সেখানে ময়লা না ফেলে। আর ফেললে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।