আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে গতকাল সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন আদালত থেকে ৭৮ এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৪, খুলনা বিভাগের ছয় ও রংপুর বিভাগের তিনজন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে রুজু হওয়া মামলায় গ্রেফতার হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনা করে আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন। এজন্য তিনি শিক্ষার্থীদের দ্রুত জামিন দেয়ার ব্যাপারে উদ্যোগী হতে সারা দেশের প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দিয়েছেন। নির্দেশনার পরিপ্রেক্ষিতে ছুটির দিনেও ঢাকা সিএমএম আদালত থেকে ৩৭ জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঁচজন পরীক্ষার্থী জামিন পেয়েছেন। ১১ আগস্ট থেকে তাদের স্থগিতকৃত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার দুই এইচএসসি পরীক্ষার্থীকে কারাগারে বসে পরীক্ষা দেয়ার অনুমতি দেয়া হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত অনুমতিপত্রে কারা অভ্যন্তরে তাদের পরীক্ষা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজের এ দুই পরীক্ষার্থীর নাম ফাহিম পারভেজ রনি ও জাহিদ হোসেন। কলেজটির ব্যবস্থাপনায় এ দুই পরীক্ষার্থীকে উত্তরপত্র, প্রশ্নপত্র, হাজিরাপত্র সরবরাহ করতে বলা হয়েছে।










