খুলনা বিভাগে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী। একের পর এক মৃত্যু ও শনাক্তের রেকর্ড ভাঙছে। বিভাগে একদিনে করোনাভাইরাসে ৩৯ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড । এ সময়ে নতুন করে ১২৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গত মঙ্গলবার ৩২ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
রাশেদা বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের কুষ্টিয়ায় ৭ জন ও যশোরে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ৮ জন, বাগেরহাটে ১ জন, নড়াইলে ৩ জন, মেহেরপুরে ৩ জন, ঝিনাইদহে ৪ জন, সাতক্ষীরায় ৪ জন ও চুয়াডাঙ্গায় ২ জন মারা গেছেন। তবে মাগুরায় কেউ মারা যায়নি।
তিনি আরও বলেন, কোভিড সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৫৭ হাজার ৫২০ জন করোনাভাইরা শনাক্ত হয়েছেন। এসময়ে মারা গেছেন ১ হাজার ১০৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ৯৩০ জন।










