কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। তারা ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের গয়নারকুটি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মমেনা বেগম ও মেয়ে মুন্নি আকতার। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সোনাহাট থেকে একটি অটোযোগে মোহাম্মদ আলী এবং তার স্ত্রী মমেনা বেগম (৫৫) মেয়ে মুন্নি আকতার (২৫) ও মেয়ের জামাতা শহর আলীকে নিয়ে ভূরুঙ্গামারীতে যাচ্ছিলেন। ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। অটোতে থাকা চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মুন্নিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় মমেনা বেগমও মারা যান। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আলীসহ তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা আটক করতে সক্ষম হলেও ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।