ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আয়োজনে পরামর্শদান, নির্বাচনের আচরণবিধি প্রণয়ন ও সংশোধন এবং ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জন করতে আলাদা ৩টি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনা অনুযায়ী এসব কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিগুলো এরইমধ্যেই কাজ শুরু করেছে। কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশাকে। কমিটিতে তিনিসহ মোট ৬ জন সদস্য আছেন।

এছাড়া নির্বাচনের আচরণবিধি প্রণয়ন ও সংশোধনের জন্য করা কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে। এই কমিটির সদস্য সংখ্যা ৭।

আর ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জন করার বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য করা কমিটির আহ্বায়ক করা হয়েছে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হককে। এই কমিটির পক্ষ থেকে বিভিন্ন ছাত্র সংগঠন এবং সকল শিক্ষার্থীর কাছে থেকে সংশোধন প্রস্তাব চাওয়া হয়েছে। প্রাপ্ত প্রস্তাবসমূহ সমন্বয় করার কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।