লাতিন মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকায় শনিবার সকালে কোয়ার্টার ফাইনালে চিলির মুখোমুখি হবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। তার ৩ ঘণ্টা আগে প্রথম কোয়ার্টার ফাইনালে পেরুর বিপক্ষে খেলবে প্যারাগুয়ে।

স্বাগতিকরা ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে। যদিও শেষ ম্যাচে একুয়েডরের সঙ্গে ড্র দিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে তিতের দল। অন্যদিকে তাদের প্রতিপক্ষ চিলি শেষ গ্রুপ ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-০ গোলে হারের লজ্জা পেলেও কোনোমতে চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠতে সমর্থ হয়েছে। দুই দলের সামনেই তাই ঘুরে দাঁড়ানোর মিশন।

গ্রুপ পর্বে টানা তিন জয় তুলে নেয় ব্রাজিল। তিতের দল প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে রীতিমতো গুঁড়িয়ে দেয়। ভেনিজুয়েলাকে ৩-০ গোলে ও পেরুকে ৪-০ গোলে হারায় সেলেসাওরা। শেষ দুই ম্যাচে প্রতিপক্ষ দলগুলো বেশ পরীক্ষাই নেয় ব্রাজিলের। তৃতীয় ম্যাচে কলম্বিয়ার সঙ্গে তো তারা হারতে হারতে জিতেছে। ১০ মিনিটে গোল হজম করা ব্রাজিল ৭৮ মিনিটে সমতা আনার পর যোগ করা সময়ের দশম মিনিটে জয়সূচক গোল পায়। শেষ ম্যাচে ব্রাজিলকে হতাশ করে ১ পয়েন্ট আদায় করে নেয় একুয়েডর।

ইতিহাস অবশ্য ব্রাজিলেরই পক্ষে। চিলির সঙ্গে মুখোমুখিতে অনেক এগিয়ে ব্রাজিল। ৫১ জয়ের বিপরীতে মাত্র ১৩টিতে হেরেছে ব্রাজিল, ড্র হয়েছে আটটি। কোপায় ১৪ জয়ের বিপরীতে মাত্র তিনটিতে হেরেছে ব্রাজিল, ড্র হয়েছে তিনটি।