প্রতিটি মানুষের তথ্য জানার অধিকার আছে। সমৃদ্ধ তথ্য মানুষকে সচেতন করে তোলে। মানুষ সচেতন হলে সামাজিক অনাচার ও দুর্নীতি হ্রাস পাবে। দেশের নাগরিক বিশেষ করে তরুণদের তথ্য অধিকার আইন বিষয়ে সচেতন করতে এমআরডিআইয়ের তথ্যকর্মীরা কাজ করে যাচ্ছেন। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গতকাল বরিশালে অনুষ্ঠিত স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এমআরডিআইয়ের তথ্যকর্মীরা এসব কথা বলেন।
গতকাল নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে দিনভর বিতর্ক প্রতিযোগিতা শেষে বিকালে পুরস্কার বিতরণ করা হয়। বিভাগের ছয় জেলার ৪৮ জন শিক্ষার্থীর অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার। সভাপতিত্ব করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর। সংসদীয় পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ধানসিঁড়ি গ্রুপ ও কলেজ পর্যায়ে সোপার্জিত স্বাধীনতা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে স্কুল পর্যায়ে তাসমিনা জাহান সাওদা ও কলেজ পর্যায়ে আশিকুল ইসলাম আবির। বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার।










