চুয়াডাঙ্গার দামুড়হুদার নাস্তিপুর সীমান্ত থেকে ৫৮টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা। এসব স্বর্ণ ভারতে পাচার করার চেষ্টা করা হচ্ছিল। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তির নাম  রকিবুল ইসলাম। তার বাড়ি  দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বারাদী সীমান্ত এলাকায় ফুলবাড়ী বারাদী বিওপির হাবিলদার জুলহাস উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৯ থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর কবরস্থানের কাছে ওঁৎ পেতে থাকে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বিজিবি ধাওয়া করে তাকে আটক করে। 

তার মোটরসাইকেলটি তল্লাশি করে সিট কভারের নিচে এয়ার ক্লিনার ফিল্টার বক্সের ভেতর থেকে টেপ মোড়ানো অবস্থায় ১১টি প্যাকেট উদ্ধার করা হয়। ওই ১১টি প্যাকেট থেকে ছোট-বড় ৫৮টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। যার পরিমাণ ৯ কেজি ৮৬০ গ্রাম। স্বর্ণের বারগুলোর মূল্য ছয় কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা। লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক বলেন, স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। আটক হওয়া রকিবুল ইসলামকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।