নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরে ডুবে সাদিয়া নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বের হওয়ার পর সে পুকুরে পড়ে যায়। আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

সাদিয়া ওই গ্রামের রাহাত আলী ও নুরনাহার বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান।

স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, সকালে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সাদিয়া ঘর থেকে বের হয়ে যায়। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর প্রতিবেশী সালমা বেগম শিশুটিকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে কিছু একটা অস্বাভাবিকতা দেখে তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাক দেন।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুকুরে তল্লাশি চালান। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখা যায়।

এ সময় শিশুটিকে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা আক্তার সেতু পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।