আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধিত সাত দেশের প্রবাসী বাংলাদেশীদের ঠিকানা সংশোধনের সময়সীমা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানায় নির্বাচন কমিশন।
এতে বলা হয়, প্রবাসীদের বিশেষ অনুরোধে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ভুল কিংবা অসম্পূর্ণ ঠিকানা সংশোধনের সুযোগ শুধুমাত্র সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইন, এ সাত দেশের জন্য আগামী ১৪ ডিসেম্বর সকাল ৯টা (বাংলাদেশ সময়) পর্যন্ত বাড়ানো হয়েছে।
আরো বলা হয়, পূর্বনির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় অন্য দেশগুলো থেকে নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে ঠিকানা সংশোধনের আর কোনো সুযোগ নেই।
এর আগে গত রোববার প্রবাসী বাংলাদেশীদের পোস্টাল ভোট বিডি অ্যাপে ঠিকানা সংশোধন করার জন্য ৯ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত সময় বাড়ায় ইসি।










