জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) ২০২৬-২৮ মেয়াদের জন্য ১৬ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ নির্বাচন করেছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জেট্রো ঢাকা অফিসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুউকি কাতাওকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
এতে বলা হয়েছে, গত ১৩ ও ২৩ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেপজার সাবেক সদস্য এজেডএম আজিজুর রহমান।
নতুন পর্ষদে জেবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট-১ নির্বাচিত হয়েছেন ইউসেন লজিস্টিকস (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু জামান মো. তারিকুল ইসলাম। ভাইস প্রেসিডেন্ট-২ হয়েছেন জাপান সোলারটেক বাংলাদেশ লিমিটেডের পরিচালক সৈয়দ সামিউল হক।
এছাড়া এমকেকে লজিস্টিকসের ব্যবস্থাপনা পরিচালক রাবিউল আলমকে সেক্রেটারি জেনারেল এবং জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অলিভার কুটজকে জয়েন্ট সেক্রেটারি জেনারেল নির্বাচিত করা হয়েছে।
এমইউএফজি ব্যাংকের ঢাকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ কেনজি কিমুরা হয়েছেন ট্রেজারার। জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হয়েছেন বিএসআরএম লিমিটেডের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স ও বিএএএসের নির্বাহী কমিটির সদস্য সৌমিত্র কুমার মৎসুদ্দি।
নতুন পর্ষদের অন্য পরিচালকরা হলেন নিউভিশন সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারেক রাফি ভূঁইয়া (জুন), ইতোচু করপোরেশনের ঢাকা লিয়াজোঁ অফিসের জেনারেল ম্যানেজার হিরোয়াকি ওউরা, কনভেয়ার লজিস্টিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কবির আহমেদ, সোজিৎস এশিয়া পিটিই লিমিটেডের জেনারেল ম্যানেজার আতসুশি হিরাকুরি, টেকনোগ্রাম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম আহমেদুল ইসলাম বাবু, মিৎসুই অ্যান্ড কোম্পানির (এশিয়া প্যাসিফিক) ঢাকা শাখার জেনারেল ম্যানেজার ও কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী, সুমিতোমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া পিটিই লিমিটেডের কান্ট্রি জেনারেল ম্যানেজার হিরোনোরি ইয়ামানাকা এবং রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুদাসসির মুর্তজা মঈন।
তিন সদস্যের নির্বাচন বোর্ডের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বোর্ডের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের প্রথম ব্যাংকিং ওমবাডসম্যান একেএম কামরুল ইসলাম। তার সঙ্গে ছিলেন বেপজার সাবেক সদস্য এজেডএম আজিজুর রহমান।
এছাড়া তিন সদস্যের নির্বাচন আপিল বোর্ডও গঠন করা হয়। এর নেতৃত্বে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং জেবিসিসিআইয়ের সম্মানসূচক সদস্য ড. মুহাম্মদ আবদুল মজিদ। বোর্ডের আরেক সদস্য ছিলেন জেবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং হকস বে অটোমোবাইলস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক।
নতুন সভাপতি কাজুউকি কাতাওকা এর আগে ২০২৪-২৬ মেয়াদে জেবিসিসিআইয়ের জয়েন্ট সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেক্রেটারি জেনারেল রাবিউল আলমও ২০২৪-২৬ মেয়াদে চেম্বারের পরিচালক ছিলেন। এর আগে তিনি নর্ডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
জেবিসিসিআইয়ের তথ্য অনুযায়ী, ২০০৪ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক প্রবৃদ্ধি এগিয়ে নিতে কাজ করছে। চেম্বারটি দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগ এবং জাপানে বাংলাদেশের রফতানি বাড়াতে কাজ করছে।










