বৈরি আবহাওয়ায় এইচএসসিতে অংশ নিতে না পারা শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের সঙ্গে পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বাইরেও বৈরি আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী নির্ধারিত দিনে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি, তাদের পরীক্ষাও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের স্থগিত পরীক্ষার সূচির সঙ্গে সমন্বয় করে নেয়া হবে। এক্ষেত্রে একই সময়ে একই সূচিতে অংশগ্রহণ করতে না পারা পরীক্ষার্থীদের পরীক্ষা অভিন্ন প্রশ্নে হবে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে এসব কথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তাই বিশেষ বিবেচনায় তাদের জন্য এ বিশেষ সুযোগ দেয়া হলো।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সারাদেশে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ মোট ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ পাঁচটি জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবনে পরীক্ষা স্থগিত করা হয়েছে।'

তিনি আরো বলেন, 'পদার্থ বিজ্ঞান প্রথমপত্রের ভুল প্রশ্নপত্রের সঙ্গে দায়ী ব্যক্তিদের এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। আমি আবারো আস্বস্ত করছি যে পদার্থবিজ্ঞান প্রথমপত্রের ৬ ও ৭ নাম্বার প্রশ্ন ভুল হওয়ায় পরীক্ষার্থীদের পূর্ণ নাম্বার দেয়া হবে।'