চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ১২ ঘন্টার ব্যবধানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে চকরিয়া উপজেলার হারবাং আজিজ নগর এলাকায় একটি লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহতরা হলেন— চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের হেলাল উদ্দিনের ছেলে মো. সোহেল (১৯) এবং জনব আলীর ছেলে তানভীর হোসেন রিফাত (১৮)। তারা কক্সবাজার থেকে চট্টগ্রামে বাড়ি ফিরছিলেন।

রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার ইসলামনগর মাজার গেট এলাকায় একটি ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বোরহান উদ্দিন (৪২) মারা যান। বোরহান পেকুয়ার শীলখালী লামাপাড়ার বাসিন্দা এবং বায়োফার্মা কোম্পানির সিনিয়র এরিয়া ম্যানেজার ছিলেন।

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন জানান, পৃথক ঘটনাস্থল থেকে লরি ও ডাম্পার দুটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।