মিথ্যা তথ্য দিয়ে মামলা করতে এসে উল্টো নিজেই ফাঁসলেন সুমন আলী নামের এক ব্যক্তি। রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম গতকাল তাকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত সুমন আলী রাজশাহীর পুঠিয়া উপজেলার মাহেন্দ্রা গ্রামের বাসিন্দা। তাত্ক্ষণিক অর্থদণ্ড পরিশোধ করে তিনি ছাড়া পান।

আদালতের বেঞ্চ সহকারী নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, একই গ্রামের হোসেন আলীর কাছে সুদের ওপর টাকা খাটিয়েছিলেন সুমন আলী। কথা ছিল ১ লাখ টাকার ওপর প্রতি বছর ৩০ হাজার টাকা করে দেবেন ঋণগ্রহীতা। কিন্তু পরবর্তী সময়ে টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। ঋণদাতা সুমন আলী থানায় গিয়ে জিডি করেন। সেই জিডির বিষয়ে পুলিশি তদন্তের অনুমতি নিতে গতকাল আদালতে হাজির হন সুমন আলী। যদিও আদালত পর্যালোচনা করে দেখেন, জিডিতে বাদীর অভিযোগের সঙ্গে প্রকৃত ঘটনার মিল নেই।

জিডি অনুযায়ী, এক মাস পর ফেরতের শর্তে হোসেন আলীকে ১ লাখ টাকা দিয়েছিলেন সুমন আলী। অথচ অঙ্গীকারনামায় লেখা আছে, ১ লাখ টাকার ওপর প্রতি বছর ৩০ হাজার টাকা করে সুদ দেয়ার শর্তে আদানপ্রদান করা হয়েছিল সেই টাকা। ভুল তথ্য দিয়ে ঋণগ্রহীতাকে হয়রানি করার অপরাধে তাত্ক্ষণিকভাবে বাদী সুমন আলীর বিরুদ্ধে দণ্ডবিধির ১৮২ ধারার অপরাধ আমলে নেন আদালত। সেই সঙ্গে তাকে গ্রেফতারের নির্দেশ দেন।