রাজধানীর গ্যালারি চিত্রে শিল্পী আজওয়াদ আহমেদের ‘দ্য লুমিনাস শেড অব সলিটিউড’ শীর্ষক প্রথম একক শিল্প প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পী ও এমেরিটাস অধ্যাপক রফিকুন নবী। শিল্পসমালোচক অধ্যাপক মঈনুদ্দিন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও জাভেদ জলিল।
অধ্যাপক নিসার হোসেনের কিউরেশনে আয়োজিত এ প্রদর্শনীতে আজওয়াদ আহমেদের সাম্প্রতিক শিল্পকর্মের একটি নির্বাচিত সংগ্রহ উপস্থাপন করা হয়েছে, যেখানে নীরবতা, আত্মমগ্নতা ও সংযত আবেগের বিষয়গুলো অনুসন্ধান করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ শিল্পীর সূক্ষ্ম অথচ গভীরভাবে আবেগস্পর্শী দৃশ্যভাষার প্রশংসা করেন। তাদের ভাষায়, শিল্পীর সংযত অভিব্যক্তি দর্শকের মনে গভীর আবেগিক ও বুদ্ধিবৃত্তিক অনুরণন সৃষ্টি করে। প্রদর্শীত শিল্পকর্মগুলো নীরব মনোযোগ ও ধ্যানের আহ্বান জানায়, যেখানে সরাসরি বর্ণনার পরিবর্তে নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে অর্থ উদ্ভাসিত হয়।
প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, যা আগামী ২৪ ডিসেম্বর শেষ হবে।










