নওগাঁর আত্রাই নদের ওপর সেতু নির্মাণের প্রায় এক বছর পেরিয়ে গেলেও সংযোগ সড়ক না করেই কাজ গুটিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৩ সালের শুরুতে সেতুটির মূল কাঠামো নির্মাণ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর নির্মাণসামগ্রীর দাম বাড়ার অজুহাতে সংযোগ সড়ক না করেই কাজ গুটিয়ে নেয় মেসার্স মিলন ট্রেডার্স।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মান্দা উপজেলা কার্যালয়ের তথ্যমতে, ২০১৮ সালের ২৩ এপ্রিল আত্রাই নদীর জোতবাজার খেয়াঘাটে সেতুটির নির্মাণকাজ শুরু করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। ২১৭ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৩২ মিটার প্রস্থের এ সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ১৮ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকা।
এলাকাবাসীর অভিযোগ, সংযোগ সড়কবিহীন সেতু সাময়িকভাবে চলাচলের উপযোগী করতে দুই পাশ থেকে মাটি কেটে ভরাট করা হয়েছে। উপজেলার নুরুল্যাবাদ, কালিকাপুর, বিষ্ণুপুর, প্রসাদপুর, গণেশপুর, কাশোপাড়া ও কসব ইউনিয়নের অন্তত ৫০টি গ্রামের লক্ষাধিক মানুষ বাঁশের সিঁড়ি তৈরি করে চলাচল করছে।
অভিযোগের বিষয়ে জানতে জাইলে মেসার্স মিলন ট্রেডার্সের স্বত্বাধিকারী দেওয়ান ছেকার আহমেদ বণিক বার্তাকে বলেন, ‘জোতবাজার খেয়াঘাটে সেতু নির্মাণ শুরুর পর থেকেই বহুমুখী জটিলতায় পড়তে হয়েছিল। সবচেয়ে বেশি ঝামেলা সৃষ্টি হয়েছে বন বিভাগের সমন্বয়হীনতায়। সঠিক সময়ে বন বিভাগ তাদের গাছ কেটে নিলে সংযোগ সড়কটি অনেক আগেই নির্মাণ করা হতো। কভিডের সময় নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় সেতু নির্মাণে এমনিতেই ৩ কোটি টাকা লোকসান হয়েছে। চুক্তি অনুযায়ী সেতুর কাছাকাছি থেকে মাটি সংগ্রহ করে সংযোগ সড়ক নির্মাণের কথা ছিল। অথচ কাজ শুরুর পর আশপাশে মাটি সংগ্রহের মতো সুবিধাজনক কোনো জায়গা আমরা খুঁজে পাইনি। দূর থেকে মাটি সংগ্রহ করতে গেলে লোকসান আরো বেড়ে যেত। তাই সড়ক নির্মাণ সম্ভব হয়নি। এজন্য এলজিইডি কর্তৃপক্ষ আমাকে ৩৪ লাখ টাকা জরিমানা করেছে। যদিও সাধারণভাবে নির্মাণ করা হলে এমনিতেই বর্ষা মৌসুমে ওই সড়ক বন্যার পানিতে ধসে যেত। তাই ব্লক দিয়ে সড়ক নির্মাণের বাজেট বাড়াতে এলজিইডির কাছে আবেদন জানিয়েছিলাম।’
এ বিষয়ে এলজিইডি নওগাঁর নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বণিক বার্তাকে বলেন, ‘জোতবাজার খেয়াঘাটে সেতু নির্মাণের পর সড়ক নির্মাণে লোকসান হচ্ছে জানিয়ে চুক্তি থেকে অব্যাহতি চেয়ে ঠিকাদার আবেদন করেছিলেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে তাকে কাজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পরে নকশা সংশোধন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে নতুন করে দরপত্র আহ্বানের পর ব্লক দিয়ে সংযোগ সড়ক নির্মাণ করা হবে।’










