চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া স্টেশনে তেলবাহী ট্যাঙ্ক ট্রেনের ৮টি ট্যাংকার লাইনচ্যুত হয়। এ ঘটনায় ১০ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টা থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়। উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার জানান, টানা ১০ ঘণ্টার উদ্ধারকাজ শেষে রেল চলাচল স্বাভাবিক করা হয়। গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে খুলনাগামী একটি তেলবাহী ট্যাংকার ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় আন্তঃনগর চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন দুটি আনসারবাড়ীয়া ও পার্শ্ববর্তী স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীদের মধ্যে ব্যাপক ভোগান্তি দেখা দেয়। ফলে অনেক যাত্রী বিকল্প পথে গন্তব্যে পৌঁছান।

ঘটনার পরপরই পাকশী রেলওয়ের বিভাগীয় প্রধান আনোয়ার হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।