নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে জালকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মো. শাকিল। ২৬ বছর বয়সী শাকিল গাইবান্ধার শাহপাড়া ইউনিয়নের মরিচবাড়ি এলাকার মো. কুদ্দুছের ছেলে। তিনি ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার কাংকার মোড়ের মোস্তাক মিয়ার ভাড়া বাসায় থাকতেন।

সকালে গলাকাটা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তথ্য প্রযুক্তির সহযোগিতায় অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম মঞ্জুরুল ইসলাম।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, নিহত ব্যক্তি অটোরিকশা চালাতেন। তাকে কারা এবং কেন খুন করেছে এই বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।