গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া রাঙ্গামাটিতে মালবাহী ট্রাক্টর উল্টে তিন শ্রমিক প্রাণ হারিয়েছেন। চট্টগ্রাম, রাজবাড়ী ও বরিশালে সড়ক দুর্ঘটনায় আরো চারজনের প্রাণহানি হয়েছে। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৩ জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

গোপালগঞ্জ: কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। গতকাল রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের মধ্যে ১৮ জনকে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও ১২ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাঙ্গামাটি: গতকাল দুপুরে কাঠবোঝাই একটি ছয় চাকার গাড়ি বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি রাবারবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহত হন আরো তিনজন। নিহতরা হলেন নিবারণ চাকমা (২৫), নোওচান চাকমা (৪৫) ও রেজ্জোউদো চাকমা (৩০)। আহতরা হলেন সুমন চাকমা, সোহেল চাকমা ও দোলনেয়ে চাকমা। হতাহতরা বাঘাইছড়ি ইউনিয়নের বড় কচুছড়ি এলাকার বাসিন্দা।

বাঘাইছড়ির ইউএনও শিরীন আক্তার জানান, বাঘাইছড়ি ইউনিয়নে ছয় চাকার একটি গাড়ি উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। চালকসহ আহত হয়েছেন আরো তিনজন।

চট্টগ্রাম: সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় আবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই পথচারী। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কলাবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের বাসিন্দা মৃত হাফিজুর রহমানের ছেলে। দুর্ঘটনার পর পিকআপটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম।

অন্যদিকে মিরসরাইয়ে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে মোহাম্মদ রফিক (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছয় বাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী: জেলার পাংশায় ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের আমতলা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় শেখ উপজেলার কলিমহর ইউনিয়নের মাসালিয়া গ্রামের কালাম শেখের ছেলে।

বরিশাল: গৌরনদীতে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মাহিন্দ্রার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী। নিহত মর্জিনা বেগম উপজেলার ইল্লা গ্রামের বাবুল ব্যাপারীর স্ত্রী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, কালকিনি থেকে বরিশালের দিকে যাচ্ছিল প্রাইভেট কারটি। এ সময় গৌরনদী থেকে ভুরঘাটাগামী যাত্রীবাহী একটি মাহিন্দ্রার সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে মর্জিনা বেগম ঘটনাস্থলেই মারা যান।