রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসের চালক ও তার সহকারীকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ওই গাড়িতে কোনো যাত্রী ছিলেন না। ফেরিতে ওঠার আগেই তারা নেমে গিয়েছিলেন বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

আজ সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।

সংবাদমাধ্যমকে পরিবহন কোম্পানির দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসে ৩৭ জন যাত্রী ছিলেন। তত্ত্বাবধায়ক, সহকারী ও চালকসহ মোট ৪০ জনের মতো আরোহী ছিলেন। বাসটি ঘাটে ওঠার আগেই যাত্রীরা নেমে গিয়েছিলেন। শুধু চালক ও তার সহকারী বাসে ছিলেন।

পরে তাদের পানি থেকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় বলে জানান বারেক শেখ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি জানান, এ ঘটনায় উদ্ধার কার্যক্রম চালাতে ফায়ার সার্ভিসসহ বিআইডব্লিউটিএ, নৌপুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পল্টুন থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহীবাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।