বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আন্দোলন-সংগ্রামের মুখে হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার ষড়যন্ত্র থেমে থাকেনি। এখন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। দেশে একটা স্বাভাবিক নির্বাচনের পরিবেশ থাকবে। নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে। কিন্তু নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার গরিনগর স্কুল মাঠে বাংগাখাঁ ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের আয়োজনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, বিএনপির মধ্যে স্বৈরাচারী মনোভাব নেই। সন্ত্রাসী ও কর্তৃত্ববাদি মনোভাব বিএনপির মধ্যে অতীতেও ছিল না, এখনো নেই। বিএনপি হল গণ মানুষের দল। আর জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা।
এ্যানি বলেন, দেশের জন্য বিএনপি ক্ষতিকর নয়, বরং একটি ভালো রাজনৈতিক দল। এত অত্যাচার-নির্যাতন, হামলা-মামলা ও গুম খুনের শিকার হয়েও বিএনপি কারো ক্ষতি করেনি।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে কেউ কেউ দুষ্টামি করেন বা করতে চেষ্টা করেন। এগুলো পরিহার করুন। নয়তো বিএনপি বা অঙ্গসংগঠনে তার স্থান হবে না। এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা। তারেক রহমান বিদেশে বসে সব দলের রাজনীতিবিদ ও দেশের মানুষকে একত্রিত করেছেন। ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্বে ছিলেন তিনি। আগামীতে দেশের নেতৃত্বে আসবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, অ্যাডভোকেট হাফিজুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আবুল হাসেম, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারা ও সাধারণ সম্পাদক সুমি বেগমসহ বাংগাখাঁ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।










