ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে উদ্বৃত করে গুজব ও মিথ্যা তথ্য না ছড়ানোর আহ্বান জাননো হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর ন্যক্কারজনক হামলা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে উদ্বৃত করে কে বা কারা অসৎ উদ্দেশ্যে একটি ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরির ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছেন। সর্বসাধারণকে এসব গুজব ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। ওসমান হাদির ওপর হামলাকারীদের এরই মধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
এতে আরো বলা হয়, এ ঘটনা নিয়ে জনমনে অহেতুক বিভ্রান্তি তৈরি করার এহেন হীন ও গর্হিত কাজের সাথে জড়িতদের ও শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোন মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করার জন্য সর্বসাধারণকে আবারো অনুরোধ করা হলো।










