নেত্রকোনায় এক বৃদ্ধ বন্যার পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পাঁচটি উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এ অবস্থায় বন্যাকবলিত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বিকালে দুর্গাপুরের শ্রীপুর গ্রামে রুসমত খান (৬০) নামের এক ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন।
বন্যার পানি নিয়ে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমেশ্বরী, উব্দাখালী, কংস ও মগড়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ০.২১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। পূর্বধলা উপজেলায় নদীর পানি বেড়ে কয়েকটি বেড়িবাঁধ ভেঙে গেছে। এর ফলে ৭-৮টি গ্রাম প্লাবিত হয়েছে।
জেলার দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা, নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলায় প্রায় ২০০টি গ্রামে পানি ঢুকে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে রোপা আমনের ১৭ হাজার ৫৩৫ হেক্টর জমিসহ মাছের পুকুর, ফিশারী ও গ্রামীণ সড়ক। পানি না কমায় মানুষের দুর্ভোগ বাড়ছে।
এ অবস্থায় জেলা প্রশাসন আশ্রয়কেন্দ্র খোলার ব্যবস্থা করেছে। এসব আশ্রয়কেন্দ্রে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, শিশুখাদ্য ও গোখাদ্য বিতরণ করা হচ্ছে।
নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, বন্যাকবলিত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।










