গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া এলাকায় জায়ান্ট নিট ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে গতকাল সকাল ৮টার দিকে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ব্যস্ত ওই মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে ছিল। দীর্ঘ যানজটে আটকে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। শ্রমিকদের আন্দোলনের মুখে ওই এলাকার ৮-১০ পোশাক কারখানা গতকালের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার শ্রমিকরা ঈদ বোনাস ও ছুটি বাড়ানোসহ বেশ কয়েকটি দাবি নিয়ে আন্দোলন করেন। এ সময় তারা কারখানায় ভাংচুর চালান এবং কারখানার কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মালিক পক্ষ শুক্রবার থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
এদিকে কারখানা বন্ধ ঘোষণার খবর শুনে গতকাল সকাল ৮টার দিকে শ্রমিকরা প্রথমে চৌরাস্তা-জয়দেবপুর রোড অবরোধ করেন। এ সময় তারা কয়েকটি কারখানায় গিয়ে কর্তৃপক্ষকে ছুটি দিতে বাধ্য করেন। পরে তারা মিছিল নিয়ে ভোগড়া বাইপাসের দিকে অগ্রসর হয়ে আশপাশের বেশ কয়েকটি কারখানাও ছুটি ঘোষণা করতে বাধ্য করেন। শ্রমিকদের একটি বড় অংশ বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় ২ ঘণ্টা পর সকাল ১০টার দিকে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গত ২০ মার্চ ওই কারখানার শ্রমিকরা ঈদ বোনাস না দেয়া এবং ১০ দিন ছুটির দাবিতে কর্মবিরতি পালন করেন। দাবি আদায়ে তারা উত্তেজিত হয়ে কারখানার চার কর্মকর্তাকে মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী চার শ্রমিককে আটক করলেও পরে ছেড়ে দেয়া হয়। সার্বিক নিরাপত্তা, সম্পত্তি ও জীবনের নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর এএসপি ওয়াহিদুজ্জামান রাজু বলেন, ‘কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা গতকাল অবরোধ কর্মসূচি পালন করেন। শ্রমিকদের আন্দোলনের মুখে ৮-১০ পোশাক কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কারখানাটির মালিক বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হোসেন। তিনি বর্তমানে দেশের বাইরে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে আমরা কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছি।’









