সড়ক দুর্ঘটনায় তিন জেলায় চারজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন। গতকাল ও আগের দিন রাতে কুমিল্লা, বরিশাল ও বান্দরবানে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

কুমিল্লা: জেলা সদর দক্ষিণে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল সকাল সাড়ে ৮টায় ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকার মো. সালামের ছেলে মোহাম্মদ শাকিল হোসেন ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব গোপাল গ্রামের পেয়ার আহমেদের ছেলে শাহেদ শিমুল।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ইকবাল বাহার জানান, ঢাকা থেকে ফেনীগামী একটি মোটরসাইকেলে শাকিল হোসেন ও শাহেদ শিমুল যাচ্ছিলেন। জোড়কানন এলাকায় পৌঁছলে রাত সাড়ে ১০টার দিকে পেছন থেকে একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

বান্দরবান: থানচি-আলীকদম সড়কে একটি পিকআপ খাদে পড়ে তনয়া ম্রো (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে অন্তত ২৩ জন। গতকাল সকাল ১০টার দিকে জবিরাম ত্রিপুরাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তনয়া ম্রো লামা উপজেলার রুপসিপাড়া ইউনিয়নের থংপংপাড়ার বাসিন্দা। আহতদের বাড়ি থংপংপাড়া ও থানচি উপজেলার বিভিন্নপাড়ায় বলে জানা গেছে।

পুলিশ জানায়, থানচি-আলীকদম সড়কের ডিম পাহাড় নামে একটি সুউচ্চ পাহাড় রয়েছে। পাহাড়টির ওপরে থংপং ম্রোপাড়া থেকে একটি পিকআপে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মেনপা ম্রোপাড়ায় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন হতাহতরা। জবিরামপাড়া এলাকায় পৌঁছাল গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কলারঝিরি পাহাড়ের খাদে পড়ে যায়। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন। গাড়িতে থাকা শিশুসহ ২৩ জন নারী-পুরুষ আহত হয়েছেন।

আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিন জানান, পুলিশ, স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে। আলীকদম সদর থেকে আট কিলোমিটার দূরে কলারঝিরিতে দুর্ঘটনাটি ঘটে। গাড়ির যাত্রীদের বেশির ভাগ ছিল নারী ও শিশু। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।

বরিশাল: জেলার গৌরনদীতে পিকআপের ধাক্কায় শাহারিয়া আজাদ তালহা (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তালহা বার্থী গ্রামের আজাদ ব্যাপারীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, তালহা ও তার দুই বন্ধু মোটরসাইকেলে বার্থী বাজারে যাচ্ছিলেন। পথে একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক তালহা নিহত হন।