নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা ফেরানো ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ’। গত দেড় দশকে কমিশনের প্রতি আস্থা ও আত্মবিশ্বাসের ‘বড় অধঃপতন’ ঘটেছে। এ আস্থা পুনরুদ্ধারই এখন কমিশনের অগ্রাধিকার।

আজ রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন বাণিজ্য নিয়ে তিনি বলেন, মনোনয়ন বাণিজ্য সাধারণত গোপনে হয়। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পেলে নির্বাচন কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে।

রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে ইসি সানাউল্লাহ বলেন, দলগুলো নিজেদের স্বার্থের বাইরে যেতে চায় না। রাষ্ট্রের স্বার্থে এমন মতাদর্শ থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরো জানান, ঋণখেলাপীদের মনোনয়ন প্রতিরোধে আরপিও সংশোধনের মাধ্যমে আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। একইসঙ্গে সংসদ সদস্যদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আগে কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ এলে তা স্পিকারের মাধ্যমে কমিশনে পাঠানোর বিধান ছিল। এখন কমিশন নিজ উদ্যোগেও তদন্ত করতে পারবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি তার পদ হারাতে পারেন।

নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফেরাতে এই ধরনের আইনি সংস্কার ও মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। তবে বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও ইঙ্গিত দেন।