শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ রোববার সংসদে বিরোধী দলের সদস্য শেখ মনজুরুল হক রাহাদের লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকদের সুরক্ষা, সক্ষমতা, সহায়তা, মর্যাদা ও নিরাপদ পেশাগত পরিবেশ তৈরির লক্ষ্যে সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল, হুমকি/হামলা/ডিজিটাল হয়রানির ঘটনায় আইনি ও প্রযুক্তিগত রেফারেল, নারী সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তা, ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ, জরুরি কল্যাণ সহায়তা, জেলা পর্যায়ের সাংবাদিক সুরক্ষা উদ্যোগ ও সংশ্লিষ্ট সংস্থাসমূহের সঙ্গে সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তুলতে ব্যবস্থা নেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন টিভি চ্যানেল চারটি। ৫৫টি বেসরকারি টিভি চ্যানেল অনুমোদন পেলেও পূর্ণ সম্প্রচারে বেসরকারি টিভি চ্যানেল ৩৭টি। নতুন কোনো টিভি চ্যানেল অনুমোদনের অপেক্ষাধীন নেই।

ভবিষ্যতে নতুন কোনো টিভি চ্যানেল অনুমোদনের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।