করোনাভাইরাসের কারণে উদ্ভূত দুর্যোগ পরিস্থিতিতে প্রান্তিক কৃষকের কাছ থেকে সবজি কিনে দুস্থ, দরিদ্র, কর্মহীন মানুষের কাছে বিনামূল্যে বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে করা এই বাজারের নাম দেওয়া হয় ‘এক মিনিটের বাজার’।
আজ রবিবার সকালে বান্দরবান স্টেডিয়াম ও আলীকদম বালক উচ্চ বিদ্যালয় মাঠে টেবিলে সবজি সাজিয়ে রাখা হয়। এ দুই স্থান মিলে এক মিনিটের বাজার থেকে সবজি সংগ্রহ করেছে অসহায়, দরিদ্র ও কর্মহীন পরিবারের মানুষেরা।
জীবাণুনাশক টানেল থেকে বের হয়ে দুই হাত জীবাণুমুক্ত করার পর একে একে বান্দরবান স্টেডিয়াম মাঠে প্রবেশ করছেন মাস্ক পরিহিত মানুষজন। একইভাবে আলীকদম বালক উচ্চ বিদ্যালয় মাঠেও করা হয় এ ধরনের বাজারের ব্যবস্থা। সামাজিক দূরত্ব মেনে সাজিয়ে রাখা টেবিল থেকে সবজি সংগ্রহ করে হাসিমুখে ফিরেছেন উপকারভোগীরা। এ দুই মাঠ থেকে সবজি সংগ্রহ করেছে অসহায়, দরিদ্রও কর্মহীন প্রায় তিনশ পরিবার।
বান্দরবান সেনা রিজিয়নের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশনায় বান্দরবান স্টেডিয়াম ও আলীকদম বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই বাজার চালু করা হয়।
আজ সকাল ১০টায় বিনামূল্যে ১ মিনিটের বাজার উদ্বোধন করেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান। এসময় উপস্থিত ছিলেন লে. কর্নেল মোহাম্মদ আতাউস সামাদ রাফি, মেজর ইফতেখার প্রমুখ।
করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষগুলো বিনামূল্যে বাজার থেকে সবজিসহ অন্যান্য পণ্য পেয়ে স্বস্তি প্রকাশ করেছে। আগামীতে জেলার জোনসমূহের দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।









