প্রয়াত জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন গত বছরের ডিসেম্বর মাসে। অথচ মঙ্গলবার (৩০ জুলাই) সাবেক এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার রাজধানীর বারিধারার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। পরে পরিবারের পক্ষ থেকে মৃত্যু সনদ দেখানো হলে পুলিশ সদস্যরা ফিরে যান।

মইনুল হোসেনের পরিবারে পক্ষ থেকে অভিযোগ করা হয়, একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনের খোঁজে বাসায় পুলিশের একটি দল আসে। তারা গৃহকর্মী এবং প্রতিবেশীদের কাছে মইনুল হোসেন কোথায় আছেন, কীভাবে পাওয়া যাবে এ সংক্রান্ত খোঁজ-খবর নেন। পরে পুলিশ সদস্যদের মইনুল হোসেনের মৃত্যু সনদ দেখানো হলে তারা ফিরে যান।

অবশ্য পুলিশ বলছে পুরোনো একটি মামলায় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তার মৃত্যু সনদ আনতে পুলিশ সদস্যরা জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের বাসায় যান। সেখান থেকে তার মৃত্যু সনদ সংগ্রহ করে আদালতে পাঠানো হয়েছে। গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত মৃত্যুসংক্রান্ত একটি প্রতিবেদন চেয়েছিলেন। সেই প্রতিবেদন আনতে গুলশান থানার একজন পুলিশ কর্মকর্তা ওই বাসায় গিয়েছিলেন। ওই বাসায় থাকা কর্মীদের কাছ থেকে মৃত্যুসনদ আনা হয়েছে। তার মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে।