রাজশাহীর গোদাগাড়ীতে বাসের সঙ্গে পুলিশ ভ্যানের
মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ
মহাসড়কে উপজেলার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত দুই কনস্টেবল আব্দুল
হালিম ও জিন্নাত আলীকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে। আহত
অপর পুলিশ সদস্যকে কাছাকাছি একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গোদাগাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার
আকবর আলী জানান, রাতে গোদাগাড়ী মডেল থানার পুলিশ ভ্যানটি মহাসড়কে টহল দিচ্ছিল। রেলগেট
এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে পুলিশ
ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর চালক ও হেলপার বাস ফেলে পালিয়েছেন
বলে জানান গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম। এ ঘটনায় বাসটি
জব্দ করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।









