নাটোরের দিঘাপতিয়া রাজবাড়ী তথা উত্তরা গণভবন সংস্কার ও স্থাপত্যশৈলীর কারুকার্য রক্ষার জন্য বিশেষজ্ঞ টিমের মাধ্যমে সংস্কার করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। সংস্কারের জন্য বরাদ্দের পাশাপাশি বিশেষজ্ঞদের দিয়ে কমিটি গঠনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে নাটোর জেলা প্রশাসন।
উত্তরা গণভবনের স্থাপত্যশৈলীর কারুকার্য খসে পড়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলের বাসভবন উত্তরা ভবনে পরিদর্শনে যান নাটোর জেলা প্রশাসক। এ সময় তিনি উত্তরা গণভবনের রাজপ্রাসাদ, ট্রেজারি ভবনসহ ক্ষতিগ্রস্ত অন্যান্য ভবন পরিদর্শন করেন। মোগল ও পাশ্চাত্যরীতির স্থাপত্যশৈলীর কারুকার্য খসে পড়ার বিষয়ে মন্ত্রিপরিষদকে চিঠি দিয়ে অবহিত করার কথা জানান জেলা প্রশাসক। এ সময় নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।










