ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ নাগরিক কোয়ালিশন। শনিবার (১৩ ডিসেম্বর) সংগঠনটি এক বিবৃতিতে এ দাবি জানায়।

এতে বলা হয়, শুক্রবার জুলাই বিপ্লবের অন্যতম তরুণ নেতৃত্বদানকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর আততায়ীদের গুলিবর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ জানাচ্ছে ‘নাগরিক কোয়ালিশন’। সংগঠনটি মনে করে, এ গুলিবষর্ণ পরিকল্পিত এবং ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠন প্রক্রিয়ার উপর সরাসরি আঘাত। ওসমান হাদির ওপর আক্রমণ দেশের নাগরিক জীবনে ও রাজনীতিক প্রেক্ষাপটে অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে প্রভাবশালী শীর্ষ নেতাদের ওপর এ ধরনের ‘অ্যাসাসিনেশন’ প্রচেষ্টা রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে যেমন ব্যাহত করে, একই ভাবে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও স্থিতিশীলতাকে হুমকির মধ্যে ফেলে দিতে পারে।

এতে আরো বলা হয়, এ কাপুরুষোচিত ঘটনায় জড়িত সবাইকে (আততায়ী, পরিকল্পনাকারী, উস্কানিদাতা ও অর্থায়নকারীসহ সকলকে) দ্রুত আইনের আওতায় আনার ও বিচারের দাবি জানাচ্ছে ‘নাগরিক কোয়ালিশন’।

‘নাগরিক কোয়ালিশন’ আরো মনে করে এ আক্রমণ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ওসমান হাদির মতো আরো অনেক সামনের সারির তরুণ-তরুণী জুলাই যোদ্ধাদের জীবন ঝুঁকিতে আছে। রাষ্ট্র জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা দিতে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে বলে আমরা মনে করি না। এ প্রেক্ষিতে আমরা সরকারের কাছে আহ্বান জানাই— প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো তৈরি করে জুলাই আন্দোলনের নেতাদের বিশেষ সুরক্ষা প্রদান করতে রাষ্ট্র জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করুক।

একই সঙ্গে আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, গত এক বছর শতাধিক রাজনৈতিক কর্মী হত্যার ঘটনা হলেও আইনশৃঙ্খলা বাহিনী বেশিরভাগ ক্ষেত্রেই জড়িতদের চিহ্নিত করতে ও তাদের আইনের আওতায় ব্যর্থ হয়েছে। এসব ঘটনা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতা, নিরেপেক্ষতা, সততা ও কার্যকারিতা নিয়ে বিশাল প্রশ্ন তৈরী করেছেI পরিতাপের বিষয় যে, প্রতিশ্রুতি সত্বেও অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত পুলিশ ও রাষ্ট্রের অন্যান্য আইন প্ৰায়োগকারী প্রতিষ্ঠানের আইনি ও প্রশাসনিক সংস্কারের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এ অদক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর তত্বাবধায়নে আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন কতটুকু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে সেটার ব্যাপারে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। নাগরিক সমাজের পক্ষ থেকে সরকারের কাছে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি যাতে প্রতিটি নাগরিক নির্ভয়ে নির্বাচন প্রক্রিয়ার অংশগ্রহণ করতে পারে।