পৃথক দাবিতে রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন, দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগে বিতর্ক ও তাদের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগসহ বিভিন্ন কারণে দেশের জনপ্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। অধিকাংশ ক্ষেত্রেই বিশৃঙ্খলার বিপরীতে ব্যবস্থা নিতে প্রশাসনিক দুর্বলতা ও রাষ্ট্রের নমনীয় নীতির বহিঃপ্রকাশ ফুটে উঠেছে। ফলে এর প্রভাব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই চাকরিবিধি লঙ্ঘন করে রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন। দাবি আদায়ের ক্ষেত্রে তাদের চাকরিবিধি অনুসরণ করতে দেখা যাচ্ছে না। চাকরিবিধি লঙ্ঘনের বিপরীতে বিধি মোতাবেক প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেয়ার কথা সেক্ষেত্রেও নমনীয় নীতি অনুসরণ করতে দেখা যাচ্ছে। ফলে জনপ্রশাসনে একধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। নির্বাচনের আগে এ ধরনের বিশৃঙ্খলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে পারে। যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, তাই আগামীতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সরকারের কঠোর হওয়া উচিত।

চাকরিবিধি লঙ্ঘন করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ বণিক বার্তাকে বলেন, ‘এসব বিষয়ে আপাতত মনোযোগ দিতে চাইছি না। কোনো কথাও বলতে চাই না।’

তফসিল ঘোষণার আগের দিন ১০ ডিসেম্বর ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে বিভিন্ন মন্ত্রণালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেন। পুরো সচিবালয় প্রদক্ষিণের পর তারা অর্থ বিভাগের নিচে জড়ো হন এবং পরবর্তী সময়ে অর্থ উপদেষ্টার কক্ষের সামনে অবস্থান নেন। সে সময় তারা অর্থ উপদেষ্টার দরজার সামনে দাঁড়িয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন এবং উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন। পরে রাত প্রায় সোয়া ৮টার দিকে পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেন অর্থ উপদেষ্টা।

অর্থ বিভাগের একাধিক কর্মকর্তা জানান, সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা তাৎক্ষণিক প্রজ্ঞাপন জারির জন্য চাপ দিচ্ছিলেন। উপদেষ্টা তাদের বুঝিয়ে বলছিলেন যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে সময় লাগবে, কিন্তু তারা তা মানছিলেন না। একপর্যায়ে পুলিশ এসে উপদেষ্টাকে নিরাপদে বাসায় ফেরার সুযোগ করে দেয় এবং আলোচনাও ভেঙে যায়।

পরদিন ১১ ডিসেম্বর বেলা ৩টার পর সচিবালয়ের অর্থ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাঝামাঝি ‘বাদামতলা’ এলাকায় কর্মচারীরা জড়ো হতে থাকেন। সেখানে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে কর্মচারীদের কর্মবিরতি পালনের ঘোষণা করা হয়। তারা নানা স্লোগানও দিতে থাকেন। সমাবেশে বলা হয়, প্রজ্ঞাপন জারি না হলে চলতি সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতিতে যাবেন তারা। এ সমাবেশ থেকে পাঁচজনকে আটক করা হয়।

সবশেষে ঘটনায় গ্রেফতার ১৪ জনকে শুক্রবার পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এদিকে অর্থ বিভাগ সূত্রে জানা যায়, সচিবালয়ে অন্তত ছয় হাজার কর্মচারী কর্মরত রয়েছেন। তাদের ভাতা দিতে হলে বছরে বাড়তি প্রায় ৩০০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করতে হবে।

শুধু সচিবালয়ে নয়, বৃহস্পতিবার নবম পে-স্কেল ও সচিবালয় ভাতা বাস্তবায়নের দাবিতে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তা-কর্মচারীরা। প্রায় ১ ঘণ্টা স্থায়ী কর্মসূচিতে ইআরডির শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

এদিকে আন্দোলন করলে সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক অবসরের বিধান রেখে চলতি বছরের ২৩ জুলাই নতুন অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। সংশোধিত ওই অধ্যাদেশের নাম রাখা হয় ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’। এটি সরকারি চাকরি আইন, ২০১৮-এর দ্বিতীয় সংশোধন হিসেবে জারি করা হয়। অধ্যাদেশে বলা হয়, সরকারি কর্মচারীরা যদি নিজেরা একত্র হয়ে কর্মবিরতিতে যান বা অন্য কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেন, তাহলে সেটি সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি ও অসদাচরণ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের আচরণের জন্য সংশ্লিষ্ট কর্মচারীকে বাধ্যতামূলক অবসর, নিম্নপদে অবনমিতকরণ বা চাকরি থেকে বরখাস্ত করার বিধান রাখা হয়েছে।

অধ্যাদেশের সংশোধিত ৩৭(ক) ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যদি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেন, কোনো সরকারি আদেশ বা পরিপত্র অকারণে বাস্তবায়ন না করেন কিংবা অন্যকে তা না করার জন্য প্ররোচিত করেন, তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। একইভাবে যদি কোনো কর্মচারী যুক্তিসংগত কারণ ছাড়া একত্রে কর্মবিরতিতে যান কিংবা অন্যকে দায়িত্ব পালনে বাধা দেন, সেটাও অসদাচরণ হিসেবে গণ্য হবে। এ ধারা অনুযায়ী, নিয়োগকারী কর্তৃপক্ষ বা রাষ্ট্রপতির অনুমোদিত কোনো কর্মকর্তা সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করবেন এবং তাকে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর সুযোগ দেবেন। নোটিসে জানানো হবে, অভিযুক্ত কর্মচারী ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে শুনানিতে অংশ নিতে চান কিনা।

অন্তর্বর্তী সরকারের আমলে কর্মকর্তা-কর্মচারীরা বাড়তি সুবিধা আদায়ের চেষ্টা করছেন বলে মনে করেন সাবেক সচিব ও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সাবেক রেক্টর একেএম আবদুল আউয়াল মজুমদার। বণিক বার্তাকে তিনি বলেন, ‘সর্বত্রই এখন অনেকে ভাবে, একটু সুযোগ-সুবিধা আদায় করা যায় কিনা। বর্তমান সরকারের অগ্রাধিকার তো এসব নয়। তারা সাময়িকভাবে দায়িত্বে আছে। তাদের অগ্রাধিকার হচ্ছে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। রাজনৈতিক সরকার যখন আসবে, তখন তাদের কাছে দাবিদাওয়া তোলা বেশি যুক্তিসংগত হবে। আগের রাজনৈতিক সরকারের মতো তারা কঠোরভাবে এসব আন্দোলন মোকাবেলা করতে চায় না। কিছুটা সহনশীল থেকে বিষয়গুলো সামলাচ্ছে। কথার স্বাধীনতাকে তারা জায়গা দিয়েছে। কেউ যদি এটাকে দুর্বলতা মনে করে, সেটা ঠিক নয়। সরকারের অগ্রাধিকার যেহেতু অন্যত্র, এজন্যই তারা বাড়তি কঠোরতা দেখাচ্ছে না। আমার কাছে সরকারের এ অবস্থান যুক্তিযুক্ত মনে হয়।’

তিনি বলেন, ‘সরকার তো বলেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর আর এসব করতে দেয়া হবে না। আগে যা-ই করুক, তফসিলের পর আর বাড়াবাড়ি করলে ব্যবস্থা নেয়া হবে। আমি মনে করি, এগুলো আর বাড়বে না। এখন অগ্রাধিকার শুধু নির্বাচন। আইন-শৃঙ্খলার অবনতির বিষয়ে এখনই সেটা নিশ্চিতভাবে বলা যাবে না। এক-দুটি ঘটনা দেখে সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না। আরো এক সপ্তাহ-দশ দিন দেখে তারপর বলা যাবে।

অন্যদিকে গত বছরের ১০ নভেম্বর নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান সাবেক আমলা মোহাম্মদ ইউসুফ। চলতি বছরের ২৩ অক্টোবর ওই পদ থেকে তাকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এখনো তিনি দপ্তরবিহীন সচিব হিসেবে কর্মরত রয়েছেন। গত ৩ আগস্ট পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব এসএম শাকিল আখতারকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে তিনি সেখানে যোগ দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে তাকে পরিকল্পনা বিভগের সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়। একইভাবে গত ২৮ আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদার। নিয়োগের পর তিনিও দপ্তরে যোগ দিতে পারেননি। পরে গত ১৪ সেপ্টেম্বর তাকে সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব পদে পদায়ন করা হয়।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তীব্র মনোবল সংকটে পড়ে দেশের পুলিশ প্রশাসন। সংকট নিরসনে শীর্ষ পদে রদবদলসহ নানা পদক্ষেপেও পুলিশের মনোবল ফিরতে দেখা যাচ্ছে না। এ সংকটের প্রভাব পড়েছে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে। একই সময়ে আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নাম উঠে এসেছে। এ ঘটনায় তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ হেডকোয়ার্টারসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলন হতে দেখা যাচ্ছে।

সার্বিক বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বণিক বার্তাকে বলেন, ‘যেহেতু এখন তফসিল ঘোষণা হয়ে গেছে এবং নির্বাচন সামনে, এ অবস্থায় সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবিদাওয়ায় আন্দোলন, এটা তো মোটেই কাঙ্ক্ষিত নয়। তারা চাইলে নির্বাচিত সরকার আসার পর নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবি উত্থাপন করতে পারতেন। এভাবে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। এসব ক্ষেত্রে সরকারের বা কর্তৃপক্ষের আরো কঠোর হওয়া উচিত, যাতে কেউ জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে।’

তিনি বলেন, ‘এ ধরনের আচরণ একেবারেই চাকরি শৃঙ্খলার পরিপন্থী। আন্দোলন করতে চাইলে নিয়মতান্ত্রিকভাবে করতে হবে। কাউকে অবরুদ্ধ করা, হুমকি দেয়া—এসব করার কোনো সুযোগ সরকারি কর্মচারীদের নেই। এগুলো অসদাচরণ হিসেবে গণ্য হয়। যেহেতু নির্বাচন সামনে, সরকারকে এখন কঠোর অবস্থান নিতে হবে। নরম হলে এর প্রভাব নির্বাচনে পড়বে। তাহলে সুষ্ঠু নির্বাচন করাও কঠিন হয়ে যাবে। তাই সরকারের কঠোরতা অবলম্বন করা ছাড়া উপায় নেই।’

এ জনপ্রশাসন বিশেষজ্ঞ আরো বলেন, ‘কর্মচারীদের নিজস্ব সমিতি আছে। সে সমিতির সভাপতি বা নেতারা সরকারের কাছে স্মারকলিপি দিতে পারেন, কর্তৃপক্ষকে জানাতে পারেন, আলোচনায় বসতে পারেন—এটাই নিয়মতান্ত্রিক পদ্ধতি। এর বাইরে হঠাৎ কর্মবিরতি, অবরোধ—এসব করার কোনো অধিকার নেই তাদের। সরকারকেও জিম্মি করতে পারেন না। সচিবালয় বন্ধ থাকলে তো পুরো দেশেই অচলাবস্থা তৈরি হবে। সচিবালয় কেপিআইভুক্ত (কি পয়েন্ট ইনস্টলেশন) এলাকা। এখানে কিছু কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো তারা করতে পারেন না। এসব ঘটনার মূল কারণ হলো প্রশাসনিক দুর্বলতা। শুরু থেকেই যদি প্রশাসন শক্তিশালী হতো এবং শীর্ষপর্যায়ে দক্ষ ও যোগ্য নেতৃত্ব থাকত তাহলে আজ এ অবস্থা সৃষ্টি হতো না।’