প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন-২০২৩ পেশ করেছেন। বৈঠকে সুপ্রিম কোর্টের কার্যক্রম ও প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। খবর বাসস।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, এরই মধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে, যা বিচার বিভাগের কার্যক্রমকে আরো শক্তিশালী করবে।

বিচার বিভাগের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সুপ্রিম কোর্ট হলো বিচারপ্রার্থীদের সর্বশেষ ভরসাস্থল। প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ ন্যায়বিচার দ্রুত এবং যৌক্তিক সময়ে নিশ্চিত করতে সক্ষম হবে।

প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, প্রধান বিচারপতি বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া বিচার বিভাগের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির তথ্যও তুলে ধরা হয়।

বৈঠকে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের অন্যান্য সচিবরা উপস্থিত ছিলেন।