জুলাই অভ্যুত্থানের সময় আহত ব্যক্তিদের বিদেশে চিকিৎসা সহজ করতে অর্থ ছাড়ের সীমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। সাধারণত বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া একজন ভ্রমণকারী ব্যাংকের কাছ থেকে সর্বোচ্চ ১০ হাজার ডলার ছাড় করতে পারেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়, ছাত্র-জনতার গণআন্দোলনের সময় আহতদের জন্য এ সীমা উম্মুক্ত থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, গণআন্দোলনে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রাক্কলন অনুযায়ী বিদেশী মুদ্রা ছাড় করা যাবে। ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি আন্তর্জাতিক কার্ডের ক্ষেত্রেও এ নির্দেশনা প্রযোজ্য হবে। ২০১৮ সালের বিদেশী মুদ্রা লেনদেন গাইডলাইন অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার বা তার সমপরিমাণ বিদেশী মুদ্রা ছাড় করতে পারেন অনুমোদিত ডিলাররা।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনের কপি দেশের বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদনপ্রাপ্ত সব ডিলার ব্যাংকের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, জুলাই গণ-আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় দেড় হাজারের বেশি মৃত্যুর পাশাপাশি অন্তত ২০ হাজার মানুষ আহত হয়েছে। গুরুতর আহতদের অনেকের উন্নত চিকিৎসা প্রয়োজন। এ ধরনের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় ১০ হাজার ডলারের সীমা শিথিল করা হয়েছে। বর্তমান বিনিময় হার অনুয়ায়ী ১০ হাজার ডলার প্রায় ১২ লাখ টাকার সমান।










