দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে বান্দরবানের থানচিতে যাত্রীবাহী পিকআপ দুর্ঘটনায় দুজন, গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপ ভ্যানের দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বণিক বার্তার সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—

বান্দরবান: জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়ন সড়কে যাত্রীবাহী পিকআপ দুর্ঘটনায় দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। গতকাল বিকালে তিন্দু সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের জিয়াবুল (৩৫) ও জসিম প্রকাশ পালিশ (৩৭)। আহতদের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ জানায়, আলীকদম থেকে তিন্দুর দিকে যাওয়ার পথে ঢালু ও আঁকাবাঁকা সড়কে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। থানচি থানার ওসি কানন সরকার জানান, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে মরদেহ উদ্ধারে নৌপথ ব্যবহার করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গোপালগঞ্জ: জেলার কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামের সোলায়মান মোল্লা (৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম (৬০)। গতকাল দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, তারা বাসে করে ঢাকা থেকে মাঝিগাতি এসে নামেন। পরে মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

চট্টগ্রাম: জেলার সীতাকুণ্ডে টাইলসবোঝাই পিকআপ ভ্যানের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. ইসমাইল (২৫) নামের এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল ভোরে সীতাকুণ্ড পৌরসভার ফকিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে চালকের পাশের আসনে থাকা ইসমাইল গুরুতর আহত হন। পরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যান।