যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুর, মারধর ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লালদিঘির পশ্চিম পাড়ের কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিএনপির দাবি ছাত্রলীগ নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তবে বিএনপির অভিযোগের বিষয়ে ছাত্রলীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

যশোর জেলা ছাত্রদল সভাপতি রাজিদুর রহমান সাগর জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গতকাল দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থানের মধ্যেই অতর্কিত হামলার ঘটনা ঘটে।

তিনি অভিযোগ করেন, জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে অর্ধশত ছাত্রলীগ নেতাকর্মী বিএনপি কার্যালয়ে হামলা করেন।

যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জানান, জেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর হয়েছে।