রাজশাহীর চারঘাটে বাবার হাঁসুয়ার কোপে প্রাণ হারিয়েছেন ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫)। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার হুজারপাড়া বামনদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের আব্দুল কুদ্দুসের (৬৫) ছেলে। জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বাবা আব্দুল কুদ্দুসকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েক মাস আগে আব্দুল কুদ্দুস তার দ্বিতীয় স্ত্রীর দুই মেয়ের নামে জমি রেজিস্ট্রি করে দেন। এ নিয়ে প্রথম পক্ষের ছেলেদের সঙ্গে তার কলহ চলছিল।
চারঘাট মডেল থানার ওসি আব্দুল লতিফ জানান, গতকাল সকালে জাহাঙ্গীর হোসেন হুজারপাড়া বামনদীঘি বিলের জমিতে পাট কাটতে গিয়েছিলেন। দুই জামাইকে সঙ্গে নিয়ে সেখানে যান বাবা আব্দুল কুদ্দুস। তিনি ছেলেকে পাট কাটতে নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলেকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন।










