সড়ক দুর্ঘটনায় চার জেলায় ছয়জন নিহত হয়েছেন। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে কুড়িগ্রামে দুজন, মাগুরায় দুজন, বরিশালে একজন এবং নরসিংদীতে একজন নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
কুড়িগ্রাম: জেলার ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ভুরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা অটোরিকশাচালক বাহার উদ্দিন বানু (৩০) ও যাত্রী আতিকা (১৫)। স্থানীয়রা জানান, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা সোনাহাট স্থলবন্দরগামী একটি ডাম্প ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই অটোরিকশা চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক মারা যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো একজন মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।
মাগুরা: জেলার মাগুরা-ঝিনাইদহ সড়কে উপজেলার রামনগর ঢাল ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আলমগীর কবির জানান, উপজেলার গৌরিচরণপুর গ্রামের বাসিন্দা ভ্যানচালক আব্দুস সাত্তার ও উপজেলার দোড়ামোথনা গ্রামের রেশমা খাতুন (৩৫) দুর্ঘটনায় নিহত হয়েছেন। চুয়াড়াঙ্গা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুস সাত্তার নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় বিকালে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান রেশমা খাতুন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নরসিংদী: জেলার বেলাব উপজেলায় মালবাহী ট্রাকচাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার এসআই মো. রোকনুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহত হয়েছেন আলকাছ মিয়া নামে এক ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আলকাছ মিয়া বারৈচা বাজার থেকে ব্যবসার মালপত্র কেনার পর ব্যাটারিচালিত ভ্যানে নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারে ফিরছিলেন। বাজারের অদূরে দড়িকান্দি বাসস্ট্যান্ড পৌঁছলে পেছন থেকে ভৈরবমুখী একটি ট্রাক ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বরিশাল: জেলার ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শাকিল হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক শাকিল গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।










