র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) গুম-খুন-নির্যাতনের ঘর হিসেবে পরিচিত ‘আয়নাঘর’ ছিল বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। এ নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। এ সময় র‌্যাবের হাতে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় ও অভিযান নিয়ে ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

র‌্যাবের মহাপরিচালক বলেন, র‌্যাবে আয়নাঘর ছিল। গুম-খুন কমিশন যেহেতু এটা নিয়ে কাজ করছে সেজন্য এসব আয়নাঘর অক্ষত রাখা হয়েছে।

হাসিনা সরকারের পতনের পর র‌্যাবের ডিজি হিসেবে দায়িত্ব নেয়া একেএম শহিদুর রহমান জানান, গুম-খুন-অপহরণসহ বেশ কিছু অভিযোগ আছে র‌্যাবের বিরুদ্ধে। সুষ্ঠু বিচার ও তদন্তের মাধ্যমে র‌্যাব এসব থেকে দায়মুক্ত হতে চায়।

মহাপরিচালক আরো বলেন, র‌্যাবের কোনো সদস্য ফৌজদারি অপরাধ করলে ব্যবস্থা নেয়া হচ্ছে।

গত ৫ আগস্টের পর থেকে শেখ হাসিনার আমলের জঙ্গি ঘটনাকে নাটক বলা হচ্ছে- এ বিষয়ে ডিজি বলেন, জঙ্গি ছিল। তাদের বিরুদ্ধে র‌্যাব আইনগত ব্যবস্থা নিয়েছে।

র‌্যাবের হেলিকপ্টার থেকে ছাত্র-জনতার ওপর গুলি করার অভিযোগের তদন্ত হচ্ছে জানিয়ে র‌্যাব ডিজি বলেন, তদন্তের মাধ্যমে প্রমাণ হবে কী হয়েছিল। এটা নিয়ে আদালতের নির্দেশনা আছে।

এ সময় ডিজি আরো বলেন, ৫ আগস্ট পরবর্তী সময় আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করছে র‌্যাব। আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি করার ভিডিও ফুটেজ দেখে অনেককে আটক করা হয়েছে।