ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় বাগেরহাটে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা সতর্কাবস্থায় রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটির সভা অব্যাহত রয়েছে। উপকূলে অবস্থিত হওয়ায় জেলার মোংলা, রামপাল, শরণখোলা ও মোরেলগঞ্জকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়েছে। এসব উপজেলার প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পৌঁছে দেয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী। চারটি উপজেলায় ৪৬টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। ইয়াস মোকাবেলায় সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি জনপ্রতিনিধিরাও তত্পর রয়েছেন। এছাড়াও ইয়াস মোকাবেলায় জেলার মোংলা, রামপাল, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় তিন শতাধিক স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট রেড ক্রিসেন্টের ইউনিট প্রধান এএসএম গোলাম কবির।

ইয়াস মোকাবেলায় চিকিৎসা বিষয়ক প্রস্তুতি সম্পর্কে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় জেলার সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।